নারায়ণগঞ্জ । রবিবার
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে দস্যুতার প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে দস্যুতা সংঘটনের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে দুটি চাকু, একটি সুইচ গিয়ার এবং একটি লোহার রড উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমানের নেতৃত্বে ছিনতাইকারী ও অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে গত ৫ জুন দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আমলাপাড়া এলাকার এসকে ব্যানার্জী রোডের মসজিদ মার্কেটের সামনে মারুফ স্টোরের সামনে অভিযান চালিয়ে মেহেদী (২২), পায়েল (২৩) ও সৌরভ (২৫) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের সঙ্গে থাকা আরও একজন অজ্ঞাত ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় মেহেদীর কাছ থেকে একটি স্টিলের তৈরি সুইচ গিয়ার, পায়েলের কাছ থেকে একটি চাকু এবং সৌরভের কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা আরেকটি চাকু উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে একটি লোহার রডও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ছিনতাই ও দস্যুতার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ দাবি করেছে। তারা আমলাপাড়া ও আশপাশের এলাকায় পথচারী, রিকশা আরোহী, মোটরসাইকেল চালক এবং যানবাহনের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করত। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্যও পাওয়া গেছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >