নারায়ণগঞ্জ । রবিবার
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১০ পুরিয়া হেরোইনসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ৫ জুন দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— আবু ইউসুফ (২৯), মহিন উদ্দিন (৩৮), ইউসুফ ওরফে সোহাগ (২৪), শিহাব শেখ (২০) এবং সাইদুর রহমান আওলাদ (৫২)।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে রাত ৩টা ৫ মিনিটে গোদনাইল উত্তর শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে আবু ইউসুফকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাত ১২টা ৪৫ মিনিটে মিতালী মার্কেটের একটি দোকান থেকে মহিন উদ্দিন, ইউসুফ ওরফে সোহাগ এবং শিহাব শেখকে আটক করা হয়। পরে রাত ৩টা ২৫ মিনিটে হিরাঝিল ৩ নম্বর গলি মসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে সাইদুর রহমান আওলাদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >