নারায়ণগঞ্জে বিএনপির এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে যুবদল কর্মীদের বিরুদ্ধে। হামলার শিকার হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অকিল উদ্দিন ভূইয়া।
অভিযোগ অনুযায়ী, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি-র উপস্থিতিতে তার অনুসারীরা এ হামলা চালায়। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রক্তদান, বৃক্ষমেলা, বইমেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে অকিল উদ্দিন ভূইয়া ও কয়েকজন যুবদল কর্মীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে উপস্থিত সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তবে অভিযোগ রয়েছে, দুপুর ২টার দিকে অনুষ্ঠানস্থল ত্যাগ করার সময় অকিল উদ্দিন ভূইয়ার ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় তার ঠোঁট ফেটে যায়, তিনি রক্তাক্ত হন এবং তার পরনের জামা ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বিএনপি কোনো সন্ত্রাসী সংগঠন নয় এবং দলের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রশ্রয় দেওয়া হবে না।
অকিল উদ্দিন ভূইয়ার দাবি, উদ্বোধনী অনুষ্ঠানে রনির সঙ্গে তার তর্ক-বিতর্ক হলেও পরে সিনিয়র নেতারা বিষয়টি মীমাংসা করে দেন। কিন্তু প্রশাসকের কক্ষ থেকে একসঙ্গে নিচে নামার পর রনির অনুসারীরাই তার ওপর হামলা চালায়।
এ বিষয়ে বক্তব্য জানতে মশিউর রহমান রনির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।







