বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফিক্সিংয়ের সঙ্গে জড়িত কয়েকজনকে শাস্তি দেওয়া হয়েছে। বিষয়টি আলোচনায় এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডর (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।
মিরপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় উপস্থিত ছিলেনবিসিবির প্রতিনিধি ফাহিম সিনহাও ।
তামিম ইকবাল স্পষ্ট জানিয়েছেন, অনিয়ম ও প্রস্তুতিহীনভাবে জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন করা হবে না।
তামিম ইকবাল বলেন,‘আমি জোড়াতালি দিয়ে বিপিএলের মতো টুর্নামেন্ট করবো না। আমরা যদি ফ্র্যাঞ্চাইজি না পাই, তাহলে আমরা মনে হয় না বিপিএল করা উচিত। শুধু করার জন্য বিপিএল করার থেকে না করাই ভালো। আমি সবসময় বিশ্বাস করি নিয়মিত বিপিএল হওয়া উচিত। কিন্তু ফ্র্যাঞ্চাইজি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা ।’
সংবাদ সম্মেলনে তামিম আরও বলেন, ‘বিপিএলে দায়িত্বপ্রাপ্তদের অনিয়মের কারণে বোর্ডকে নানা ভোগান্তিতে পড়তে হয়েছে এবং এর জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।’
প্রসঙ্গত, আলোচিত-সমালোচিত আসর ছিল বিপিএল ২০২৫। এ আসরে ফিক্সিংয়ের মতো ঘটনাও সামনে এসেছিল। পরবর্তীতে সেটি নিয়ে তদন্তে নেমেছিল বিসিবি।
এ ঘটনায় স্বাধীন তদন্ত কমিটি গত বছরই ৯০০ পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিল বিসিবির কাছে। তবে এখনো বিসিবির পক্ষ থেকে স্পষ্ট করে সেই প্রতিবেদনের কিছু জানানো হয়নি ।
সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, ‘পুরো তদন্তে আমার ছিলাম না, তথ্য সংগ্রহতেও আমরা ছিলাম না, অনেক তথ্যও আমাদের কাছে ছিল না। পরবর্তীতে যখন আমাদের কাছে এটা উপস্থাপন করা হয়েছে– তখন আমাদের বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, যদি পর্যাপ্ত প্রমাণ থাকে, তাহলে বাস্তবায়ন করেন (শাস্তি)।’
পাঁচজনের জড়িত থাকার কথা জানিয়ে তামিম ইকবাল বলেন, ‘সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পাঁচজন ক্রিকেটারের শাস্তির বিষয়ে জানানো হবে।’






