বিপিএল শুরুর ২৪ ঘণ্টা আগে যেন হঠাৎ করেই শনি নেমে এসেছে। চট্টগ্রাম রয়্যালসের মালিক পক্ষ হঠাৎ দল না চালানোর সিদ্ধান্ত নিয়ে সরে দাঁড়িয়েছে।এদিকে আজ বৃহস্পতিবার দুপুরে বিপিএলের এবারের আসরে কোচিং করানো থেকে প্রায় সরে দাঁড়াতে বসেছিলেন নোয়াখালী এক্সপ্রেস হেড কোচ খালেদ মাহমুদ সুজনও।
জানা গেছে, দুপুর ২টায় প্র্যাকটিসে গিয়ে হেড কোচ খালেদ মাহমুদ সুজন দেখেন পর্যাপ্ত বল নেই। হাতে গোনা গোটা তিনেক বল আছে। যেখানে নতুন–পুরোনো মিলে দুই ডজন বল লাগে, সেখানে মাত্র ৩টা বল! দেখেই মেজাজ বিগড়ে যায় খালেদ মাহমুদ সুজনের।
তারপর টেলিফোনে মালিক পক্ষের সাথে কথাবার্তায় বাকবিতণ্ডাও হয়। সব মিলিয়ে রাগে, ক্ষোভে মাঠ ও অনুশীলন ছেড়ে হোটেলে ফিরে যান নোয়াখালী হেড কোচ। সাথে তার সহকারী তালহা জুবায়েরও চলে যান।








