নারায়ণগঞ্জ । রবিবার
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলো বাংলাদেশ

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (আইআরও) এক স্বর্ণসহ মোট ১১টি পদক জিতে আবারও বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতার স্বাক্ষর রাখল দেশের শিক্ষার্থীরা। ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল অর্জন করেছে ১টি গোল্ড, ৬টি ব্রোঞ্জ ও ৪টি টেকনিক্যাল পদক।

রবিবার এই অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়। গত ১৭ থেকে ২০ ডিসেম্বর অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরের মান্ত্রা সাউথপোর্ট শার্ক কনভেনশন সেন্টারে অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ দলের এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সাঈদ (অতিরিক্ত সচিব)।

বাংলাদেশ দলের পক্ষে ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ক্রিয়েটিভ ক্যাটাগরির সিনিয়র গ্রুপে স্বর্ণপদক জয় করেছেন আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ আল টিটু। ব্রোঞ্জ পদক জয় করেছেন ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরির সিনিয়র গ্রুপে ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নুসাইবা তাজরিন তানিশা, ফিজিক্যাল কম্পিউটিং জুনিয়র লো গ্রুপে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জুবাইদাহ জাফরিন, ফিজিক্যাল কম্পিউটিং জুনিয়র হাই গ্রুপে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রিদোয়ান রাব্বানী, ফিজিক্যাল কম্পিউটিং সিনিয়র গ্রুপে ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নুসাইবা তাজরিন তানিশা, ক্রিয়েটিভ ক্যাটাগরি সিনিয়র গ্রুপে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের খোন্দকার মুশফিকুল ইসলাম ও স্কলাস্টিকা স্কুলের শিক্ষার্থী প্রিয়ন্তী দাস।

টেকনিক্যাল পদক অর্জন করেন ফিজিক্যাল কম্পিউটিং সিনিয়র গ্রুপে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ জারিফ বিন সালেক ও মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাফিয়া বাসার সুহানী, ক্রিয়েটিভ ক্যাটাগরি সিনিয়র গ্রুপে উইলিয়াম কেরি একাডেমির শিক্ষার্থী জাইমা যাহিন ওয়ারা এবং ক্রিয়েটিভ মুভি সিনিয়র গ্রুপে স্কলাস্টিকা স্কুলের শিক্ষার্থী প্রিয়ন্তী দাস।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ দলের সার্বিক পৃষ্ঠপোষকতা করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >