বিশ্বকাপের ‘জি’ গ্রুপের লড়াই বেশ জমে উঠেছে। তাতে নকআউটের টিকিট পেতে চার দলই রোমাঞ্চের মুখোমুখি। প্রথম ম্যাচ শেষে চার দলই সমান এক পয়েন্ট করে পাওয়ায় লড়াই বেশ ভালোভাবেই জমে গেছে। এই লড়াইয়ের প্রথম ধাপে লস অ্যাঞ্জেলেসে মুখোমুখি হচ্ছে বেলজিয়াম ও ইরান।
আজ রাত ১টায় মুখোমুখি হবে দুদল। এই ম্যাচে জয় পাওয়া দল শেষ ষোলোর পথে বড় সুবিধা পাবে, আর হারলে বিদায়ের শঙ্কা বেড়ে যাবে অনেকটাই। বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেনি বেলজিয়াম। মিসরের বিপক্ষে ১-১ গোলে ড্র করে রুডি গার্সিয়ার দল।
ইমাম আশুরের গোলে পিছিয়ে পড়ার পর শেষ পর্যন্ত মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে সমতায় ফেরে ‘রেড ডেভিলস’। সাম্প্রতিক সময়ে বিশ্বকাপে কিছুটা ছন্দহীন বেলজিয়াম নিজেদের শেষ তিন বিশ্বকাপ ম্যাচে জয় পায়নি। তবে ফিফা র্যাংকিংয়ে নবম স্থানে থাকা দলটি বাছাই পর্বে ২৯ গোল করে এবং মাত্র ৭ গোল হজম করে মূল পর্বে জায়গা করে নেয়।
অন্যদিকে মাঠের বাইরের নানা জটিলতা পেরিয়ে বিশ্বকাপে অংশ নেওয়া ইরান প্রথম ম্যাচে দুর্দান্ত লড়াই করেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করে তারা। রামিন রেজাইয়ান ও মোহাম্মদ মাহেবির গোল দলকে মূল্যবান এক পয়েন্ট এনে দেয়।
ফিফার বিশেষ ব্যবস্থার কারণে ইরান দলকে যুক্তরাষ্ট্রে রাতযাপনের অনুমতি দেওয়া হয়নি। ফলে ম্যাচের পরপরই তারা মেক্সিকোর তিহুয়ানায় নিজেদের বেস ক্যাম্পে ফিরে যায় এবং সেখানেই প্রস্তুতি সেরেছে বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য।
এটি হবে বিশ্বকাপে বেলজিয়াম ও ইরানের জাতীয় দলের প্রথম মুখোমুখি লড়াই। পরিসংখ্যান অবশ্য ইরানের পক্ষে নয়। বিশ্বকাপে এখন পর্যন্ত ১৯ ম্যাচে মাত্র তিনটি জয় পেয়েছে তারা, আর ইউরোপীয় দলগুলোর বিপক্ষে ১০ ম্যাচ খেলে হেরেছে সাতটিতে।
বেলজিয়ামের আক্রমণের ভরসা রোমেলু লুকাকু, চার্লস ডি কেটেলারে ও লিয়ান্দ্রো ট্রোসার্ডরা। অন্যদিকে ইরানের প্রধান আশা অধিনায়ক মেহদি তারেমি ও অভিজ্ঞ রামিন রেজাইয়ান। ফলে দুদলের জন্যই ম্যাচটি হতে যাচ্ছে নকআউটের পথে বড় এক পরীক্ষার মঞ্চ।







