নারায়ণগঞ্জে পুলিশ ও মাদক ব্যবসায়ীদের মাঝে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ অবস্থায় দুই মাদক ব্যবসায়ীকে বিদেশী পিস্তল ও ম্যাগজিন সহ গ্রেফতার করা হয়। শনিবার (১৫ই আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সরকারী তোলারাম কলেজের সামনে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
গ্রেফতার হওয়া দুই মাদক সন্ত্রাসীদের মধ্যে একজনের নাম জসিম (২৪)। সে ইসদাইরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক হত্যা মামলার আসামী রাজ্জাকের ছেলে। অপর জনের নাম মোহন (২৩)। তিনি একই এলাকার বাসিন্দা আব্দুস সালামের ছেলে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) তারিক আল মেহেদী ও ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ৩টার দিকে সরকারী তোলারাম কলেজের সামনে মাদক বিরোধী অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। এসময় মাদকসহ ৭-৮জনকে গ্রেফতার করতে গেলে তাদের সহযোগি মাদক সন্ত্রাসীরা পুলিশের উপর অতর্কিত হামলা চালায় এবং গুলি বর্ষন করে। এতে পুলিশের দুই কর্মকর্তা গুলিবিদ্ধ হন। তারা হলো ফতুল্লা মডেল থানার এস.আই নন্দন ও এস.আই রফিক।
এদিকে, আত্মরক্ষার্থে পুলিশ ৮ রাউন্ড পাল্টাগুলি ছুড়লে অন্যরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সন্ত্রাসী জসিমকে এবং তার সহযোগি মোহনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি অত্যাধুনিক বিদেশী পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে বিশেষ অভিযান চলমান রয়েছে।’




