ঝিনাইদহের মহেশপুরে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা চায়ের দোকানে ঢুকে পড়ায় এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন।
নিহত ইব্রাহিম হোসেন উপজেলা রাখালভোগা গ্রামের মৃত আলিম মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, দর্শনা থেকে মহেশপুরের দিকে আসা সাদা রঙের প্রাইভেট কার শিশুতলা বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ধাক্কা দেয়। এতে দোকানটি ভেঙে পড়ে এবং ইব্রাহিম হোসেন গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত হয়েছেন রাখালভোগা গ্রামের বাবলু মন্ডল, ফতেপুর গ্রামের শহিদুল ইসলাম খুদে ও কদমতলা গ্রামের নাসির উদ্দিন। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কোটচাঁদপুর ও যশোরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






