নারায়ণগঞ্জ । শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মেয়ের বাড়ি থেকে ফেরার পথে মায়ের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় বাসের ধাক্কায় আনোয়ারা বেগম (৬৫) নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দনিয়া কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. স্বপন আহমেদ জনান, ওই নারী দনিয়া কলেজের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কুমিল্লা গৌরিপুরের একটি এসি বাসের ধাক্কায় গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন বাস ও চালককে আটকে রাখে।

হাসপাতালে নিহত নারীর ছেলে জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানার আলীসারদি গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ীর রসূলপুর এলাকায় থাকেন। সকালে শনিরআখড়া মেয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানায় অবগত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >