রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ২৫ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ৭১ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে দৌলতদিয়া মাছ বাজারের আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে এই মাছ কিনে নেন এক ব্যবসায়ী।
পরে তিনি কুষ্টিয়ার পোড়াদহে মাছটি বিক্রি করে দেন। দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মণ্ডলের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার ৮৫০ টাকা কেজি দরে বিশাল আকৃতির এই মাছটি কেনেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) শেষ রাতে এরশাদ হালদারসহ তার সহযোগীরা পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেললে বিশাল আকৃতির এই পাঙ্গাস মাছটি ভোরে জালে আটকা পড়ে।
পরে বিক্রির জন্য মাছটি দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মন্ডলের আড়তে এনে ওজন করে দেখা যায় মাছটির ওজন ২৫ কেজি। বিশাল মাছটি একনজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা ও স্থানীয়রা।
এ সময় উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ২৮৫০ টাকা দরে মোট ৭১ হাজার ২৫০ টাকায় মাছটি বিক্রি হয়।
মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, সকালে উন্মুক্ত নিলামে ২৫ কেজি ওজনের বড় পাঙ্গাস মাছটি ৭১ হাজার ২৫০ টাকায় কিনেছি। এটি সামান্য লাভে কুষ্টিয়ার পোড়াদহে বিক্রি করে দিয়েছি। দীর্ঘদিন পর নদীতে এত বড় আকৃতির পাঙ্গাস পাওয়া গেল। নদীর মাছ সুস্বাদু হওয়ায় দ্রুত বিক্রি হয়ে যায়। বেশিরভাগ মাছ অনলাইনে যোগাযোগ করেই বিক্রি করি।








