কুমিল্লা সিটি কর্পোরেশনের সীমানা, সদর দক্ষিণ, আদর্শ সদর ও লালমাই উপজেলার সীমানা নির্ধারণ সহ ময়নামতি উপজেলা গঠনের প্ৰস্তাব: মনিরুক হক চৌধুরী
কুমিল্লা সদর ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে, কুমিল্লা সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণ, সদর দক্ষিণ, আদর্শ সদর ও লালমাই উপজেলার সীমানা নির্ধারণ সহ ময়নামতি উপজেলা গঠনের প্ৰস্তাবসমূহ সরেজমিন পরিদর্শন ও যাচাই পূৰ্বক সুনির্দিষ্ট সুপারিশ সহ প্রতিবেদন দাখিলের জন্য স্থানীয় সরকার বিভাগ কর্তৃক কমিটি গঠন হয়েছে।
জানা যায় যে, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিবকে (অডিট শাখা) আহ্বায়ক ও কুমিল্লা সিটি করপোরেশনের সচিবকে সদস্য সচিব করে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) উপ সচিব মোঃ রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
উল্লেখ্য, কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধির বিষয়টি নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে এর কাজ চলছে। অপরদিকে ময়নামতি উপজেলা বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছে। এ দাবির সাথে একাত্মতা পোষণ করে ইতিমধ্যে মনিরুল হক চৌধুরী এমপির ঐকান্তিক প্রচেষ্টায় সেখানে আলাদা সাব রেজিস্ট্রি অফিস স্থাপন করা হয়েছে এবং উপজেলা বাস্তবায়নের জন্য আবেদনের প্রেক্ষিতে বিষয়টি স্থানীয় সরকার বিভাগ অন্তর্ভুক্ত করেছে।
সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধি হলে আদর্শ সদর উপজেলা ও সদর দক্ষিণ উপজেলা সীমানা জটিলতায় পরবে। সে লক্ষ্যে এ দুটি উপজেলার সীমানাও অন্তর্ভূক্তিকল্পে সীমানা নির্ধারণের বিষয়টিও জরুরি হয়ে পরেছে।






