নারায়ণগঞ্জ । শুক্রবার
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে দুই কারখানার শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ

গাজীপুরের টঙ্গী শিল্পনগরীতে এক্সপার্ট ভিলেজ লিমিটেডের দুটি কারখানায় শতাধিক শ্রমিক রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থদের মধ্যে প্যানিক অ্যাটাক, বমি ও শ্বাসকষ্টজনিত লক্ষণ দেখা দিয়েছে।

মা আওয়ার টাওয়ার ও আলম টাওয়ারে অবস্থিত কারখানার শ্রমিকরা বেশি অসুস্থ হয়েছে। 

বুধবার (১৪ জানুয়ারি) সকালে এই ঘটনার খবর পাওয়া গেলেও, মঙ্গলবার সকাল থেকেই শ্রমিকরা একের পর এক অসুস্থ হতে শুরু করেন। স্থানীয় সূত্রে জানা যায়, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

আক্রান্ত শ্রমিকদের টঙ্গী সরকারি হাসপাতাল, গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

টঙ্গী সরকারি হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার নাহিদ সুলতানা জানান, অসুস্থ শ্রমিকদের মধ্যে প্যানিক অ্যাটাক, বমি ও শ্বাসকষ্টের সমস্যা দেখা যাচ্ছে। তবে বর্তমানে অধিকাংশ শ্রমিকই আশঙ্কামুক্ত রয়েছেন।

স্থানীয় ও কারখানা সূত্রে জানা যায়, নভেম্বর মাসের বেতন পরিশোধ না পাওয়ায় শ্রমিকরা রবিবার কর্মবিরতি ও আন্দোলন করেন। সোমবার সকালে তারা কাজে যোগ দিলেও পরে আবার আন্দোলনে ফিরে যায়। এই আন্দোলনের মধ্যেই হঠাৎ করে একে একে অসুস্থ হয়ে পড়ে অনেকে। তবে অসুস্থতার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে অ্যাডমিন ম্যানেজার সুজন বলেন, এই মুহূর্তে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

ঘটনার পর কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে। শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা দ্রুত অসুস্থতার প্রকৃত কারণ নির্ধারণ ও তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >