নারায়ণগঞ্জ ।
,

প্রকাশ্যে প্রবাসীর নির্মাণাধীন ঘরের গ্রেড বিম ভেঙে দিল দুর্বৃত্তরা

চট্টগ্রামের চন্দনাইশে প্রকাশ্যে এক প্রবাসীর নির্মাণাধীন ঘরের গ্রেড বিম ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

গত বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার বরমা ইউনিয়নের পশ্চিম কেশুয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুরোনো একটি ঘরের সামনে নতুন কক্ষ নির্মাণের জন্য সদ্য তৈরি করা গ্রেড বিমের শাটারিং খুলে একাধিক ব্যক্তি তা ভেঙে ফেলছেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

এ ঘটনায় ফরহাদুল ইসলাম সজীবের বাবা ফরিদুল ইসলাম চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে প্রতিবেশী ফয়েজ আহমদের ছেলে মহিউদ্দিন, সাইফুউদ্দিন, নাঈম উদ্দিন, মফজল আহাম্মদ ও তাঁর ছেলে সোলাইমান এবং বাদশা মিয়ার ছেলে আকতার মিয়াকে বিবাদী করা হয়েছে।

অভিযোগের বিষয়ে প্রধান অভিযুক্ত মহিউদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ফরিদুল ইসলাম বিএস সূত্রে জায়গার মালিক হলেও আরএস রেকর্ড অনুযায়ী আমরা ওই জায়গার মালিক। এ কারণেই নির্মাণাধীন অংশটি ভেঙে দেওয়া হয়েছে।

অভিযোগকারী ফরিদুল ইসলাম বলেন, আমার প্রবাসী ছেলে অনেক কষ্ট করে একটি কক্ষ নির্মাণের জন্য টাকা জোগাড় করেছে। নির্মাণাধীন বিম ভেঙে দেওয়ায় আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এতে ঘর নির্মাণও অনিশ্চিত হয়ে পড়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী বিএস রেকর্ড চূড়ান্ত হলেও তারা তা মানছেন না। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।

স্থানীয় ইউপি সদস্য সাদেকুর রহমান বলেন, “সজীবের মা-বাবা দীর্ঘদিন ধরে ওই জায়গায় ঘর করে বসবাস করছেন। কাগজপত্র দেখে যতটুকু বুঝেছি, তারা বিএস রেকর্ড অনুযায়ী মালিক। অন্যদিকে মহিউদ্দিনরা আরএস রেকর্ডের ভিত্তিতে জায়গাটির মালিকানা দাবি করছেন।”

চন্দনাইশ থানার অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই শাহিন আলম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >