নারায়ণগঞ্জ । রবিবার
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৩০ ফুট গভীর নলকূপে ২ বছরের শিশু, জীবিত উদ্ধারের চেষ্টা

রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে (৩০ ফিট) দুই বছরের শিশু পড়ে গেছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি টিম ও স্থানীয় লোকজন উদ্ধারের চেষ্টা চলছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েল হাট পূর্বপাড়া গ্রামের এক জমির মাঠে এ ঘটনা ঘটে।

ওই শিশুর নাম সার্জিদ (০২)। সে উপজেলার কোয়েল হাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দীনের ছেলে

কোয়েল হাট পূর্বপাড়ার স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন ও জালাল উদ্দীন বলেন, বেলা ১২টার দিকে জমি থেকে মাটি নিয়ে আসা একটি ট্রলি জমিতে পুঁতে যায়। রাকিব ও তার স্ত্রী রুনা খাতুনসহ তাদের দুই বছরের ছেলেকে নিয়ে সেই ট্রলিকে দেখতে যান। পরে শিশুটি তার মায়ের কোল থেকে নেমে জমির মধ্যে হাঁটছিল। এরই মধ্যে একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে (বোরিং) পড়ে যায় সে।

কিন্তু তার মা-বাবা গর্তের মধ্য থেকে শিশুটিকে তুলতে পারছিল না। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধারকর্মীরা এসে মাটি খুঁড়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে। স্থানীয় লোকজনও তাদের সহযোগিতা করছে।

শিশুটির মা রুনা খাতুন বলেন, মাটিতে পুঁতে যাওয়া ট্রলি দেখতে এসে আমার বাচ্চাটি কোল থেকে নেমে যায়। পরে আমাদের অগোচরে সে গর্তে পড়ে মা মা করে কাঁদছে। গর্তের মধ্য থেকে কান্নার শব্দ শোনা যাচ্ছে। আমি তাকে খুঁজছি কিন্তু দেখতে পাচ্ছি না।

তানোর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল রওফ বলেন, বাচ্চাটি উদ্ধারের জন্য ৫ ঘণ্টা ধরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ সহায় হলে বাচ্চাটি জীবিত উদ্ধার করা যাবে।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, বাচ্চাটির বিষয়টি দুঃখজনক। সবাই দোয়া করুন, বাচ্চাটি যেন উদ্ধার হয়ে মায়ের কোলে ফিরে যেতে পারে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >