গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের আয়োজিত পাঁচ দিনব্যাপী পুরানাদের জোড় ইজতেমা।
মঙ্গলবার ভোর থেকেই ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলা থেকে দলে দলে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা মাঠে সমবেত হন। লাখো মানুষের উপস্থিতিতে তুরাগপাড় পরিণত হয় মানবসমুদ্রে।
সকাল ৮টা ৫১ মিনিটে শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে শেষ হয় আখেরি মোনাজাত। পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় গভীর আধ্যাত্মিক পরিবেশ। ‘আমিন… আমিন…’ ধ্বনিতে কম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। আবেগে অনেক মুসল্লি অশ্রুসিক্ত হয়ে পড়েন। মোনাজাত পরিচালনা করেন পাকিস্তানের আলেম মাওলানা আহমেদ বাটলা।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, এবারের জোড় ইজতেমায় ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি মেহমান অংশ নেন। পাকিস্তান, ভারত, সৌদি আরব, কানাডা, জাপান, মালয়েশিয়া, কাতার, ইউএই, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, মিশরসহ নানা দেশের মুসল্লিদের উপস্থিতিতে ইজতেমা এলাকা মুখরিত ছিল।
তিনি আরো জানান, ইজতেমা চলাকালে ৬ জন মুসল্লি ইন্তেকাল করেছেন। নিয়ম অনুযায়ী তাদের জানাজা সম্পন্ন করে মরদেহ নিজ নিজ এলাকায় পাঠানো হয়েছে।
আখেরি মোনাজাত শেষে কয়েক হাজার চিল্লার জামাত ও তিন চিল্লার জামাত মাঠ থেকে রওনা হন আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য খুরুযের জোড়ের প্রস্তুতির জন্য। অন্য মুসল্লিরা মোকামি কাজ ও আনেওয়ালা জোড়ের মেহনত নিয়ে নিজ নিজ এলাকায় ফিরে যান।
এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় নির্বাচন শেষে টঙ্গীতে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তুতি চলছে।








