নারায়ণগঞ্জ । শনিবার
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইলিশ ধরতে
মধ্যরাতেই জেলেদের নদীযাত্রা শুরু

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাতে। রাত ১২টা বাজতেই বরগুনা উপকূলসহ দেশের দক্ষিণাঞ্চলের নদী ও সাগরে নামবেন হাজারো জেলে- লক্ষ্য একটাই, ঝাঁকে ঝাঁকে ইলিশের দেখা পাওয়া।

৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞার সময় ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ ছিল। এবার নিষেধাজ্ঞা শেষ হতেই উপকূলজুড়ে বইছে উৎসবের হাওয়া। সারাদিন ধরে জেলেরা ব্যস্ত সময় কাটিয়েছেন তাদের নৌকা ও জাল মেরামত, বরফ, জ্বালানি ও খাবার মজুত করে। রাত পোহালেই তারা রওনা দেবেন নদী ও সাগরের দিকে- নতুন আশায়, নতুন মৌসুমের ইলিশ ধরতে।

বরগুনার প্রধান নদীগুলোর মধ্যে রয়েছে বলেশ্বর, বিশখালী, হালতা, পানা, খাগদোন, বুড়িশ্বর-পায়রা এবং সুগন্ধা- যেগুলো ইলিশ শিকারের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। বলেশ্বর নদী পিরোজপুরের কালিগঙ্গা থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, যার ২১ কিলোমিটার অংশ পড়েছে বরগুনা জেলায়। বিশখালী নদীর দৈর্ঘ্য ৯৭ কিলোমিটার, এর মধ্যে ৬৫ কিলোমিটার বরগুনা এলাকায়। এই নদীগুলো এখন আবার জেগে উঠছে জেলেদের চঞ্চলতায়।

২২ দিনের নিষেধাজ্ঞার সময় জেলেরা কর্মহীন বসে না থেকে নৌকা-জাল মেরামতে ও সরঞ্জাম প্রস্তুতে ব্যস্ত ছিলেন। এবার তারা আশা করছেন, সাগরে গেলে মিলবে প্রাচুর্যপূর্ণ ইলিশ।

জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মহসিন জানান, নিষেধাজ্ঞা চলাকালীন জেলায় নিবন্ধিত ৪৮ হাজার ৭৯৫ জন জেলের মধ্যে ৩৭ হাজার ৯১২ জন জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। তবে আর্থিক সহায়তার বরাদ্দ এখনো আসেনি, আসলেই তা দ্রুত বিতরণ করা হবে।

তিনি আরো বলেন, নিষেধাজ্ঞা বাস্তবায়নে ৮২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ৩৪ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে, জব্দ করা হয়েছে প্রায় ৪ লাখ ৮ হাজার মিটার জাল ও ৩০০ কেজি ইলিশ মাছ। এই অভিযানের ফলে মা ইলিশের প্রজনন সফলভাবে সুরক্ষিত হয়েছে। জেলেরা যদি নিয়ম মেনে চলে, ভবিষ্যতে তারাই এর সুফল পাবে।

নিষেধাজ্ঞার শেষ রাতে বরগুনার নদী-বন্দর ও মাছঘাটগুলোয় এখন উত্তেজনা আর প্রত্যাশার ঢেউ। উপকূলের জেলে পল্লীগুলো মুখর হয়ে উঠেছে সাগরে ফেরার প্রস্তুতিতে। সবাই অপেক্ষায়- ইলিশে ভরা জাল দেখে আবারও হাসবে ইলিশের সেই সোনালি হাসি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >