চাঁপাইনবাবগঞ্জের ককটেল বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয়দের ভাষ্য, হতাহতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম টমাস (৩৫)। তিনি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর লম্বা টোলা গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বলছেন, দুপুর একটা ২০ মিনিটের দিকে মনাকষা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের চৌকা মাঠ সংলগ্ন মশিউর রহমান নামের এক ব্যক্তির ঘাসের জমিতে টমাসসহ চারজন ককটেল তৈরি করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই টমাস মারা যান। বিস্ফোরণে সঙ্গে থাকা অপর তিনজন গুরুতর আহত হন। তবে ঘটনার পরপরই তারা সরে যাওয়ায় চিকিৎসার জন্য তাদের কোথায় নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



