নারায়ণগঞ্জের বন্দর থানার প্রধান ফটকের ঠিক সামনেই দীর্ঘদিন ধরে নিয়মিত ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এতে একদিকে যেমন থানার প্রবেশপথ ও আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে, তেমনি সেবা নিতে আসা সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২১ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা এলাকায় অবস্থিত বন্দর থানার প্রধান ফটক সংলগ্ন স্থানে স্থানীয় কিছু অসচেতন মানুষ প্রতিদিন গৃহস্থালি ও অন্যান্য বর্জ্য ফেলে যাচ্ছেন। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের সামনে এমন অসচেতন কর্মকাণ্ডে স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সচেতন বাসিন্দারা জানান, সরকারি সম্পদ ও প্রতিষ্ঠানের পরিবেশ রক্ষার দায়িত্ব সবার। থানার প্রধান ফটকের মতো স্থানে ময়লা ফেলা অত্যন্ত দুঃখজনক ও দায়িত্বজ্ঞানহীন কাজ। এভাবে বর্জ্য জমতে থাকলে এলাকায় দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি মশা-মাছি ও রোগবালাইয়ের ঝুঁকি বাড়বে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখা দ্রুত নজরদারি বাড়ালে ও ব্যবস্থা নিলে এখানে ময়লা ফেলা বন্ধ করা সম্ভব বলে মনে করেন তারা।

বিষয়টি নিয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। জনসাধারণকে সচেতন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এখানে কেউ যেন ময়লা-আবর্জনা না ফেলে, সেজন্য আমরা দ্রুত সতর্কতামূলক বিজ্ঞপ্তি টানিয়ে দেব।”
তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, কেবল সতর্কতামূলক বিজ্ঞপ্তি টানালেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। এর পাশাপাশি সিটি কর্পোরেশনের মাধ্যমে নিয়মিত বর্জ্য অপসারণ, নির্দিষ্ট স্থানে ডাস্টবিন স্থাপন এবং অসচেতন ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর তদারকি নিশ্চিত করা হলে থানার সামনের পরিবেশ দ্রুত পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখা সম্ভব হবে।




