জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ পরিবহনের দায়ে চারজনকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয় প্রায় ৩ মণ ইলিশ।
আটকদের মধ্যে দুই জেলেকে ১৩ দিন করে কারাদণ্ড এবং মাছ পরিবহনকারী দুইজনকে এক হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হুসাইন।
কারাদণ্ড পাওয়া জেলেরা হলেন- উপজেলার চরফলকন গ্রামের ফরহাদ হোসেন এবং ইসমাইল হোসেন। অর্থদণ্ড পাওয়ারা হলেন- একই গ্রামের মো. নোমান এবং মো. বাচ্চু।
দুপুরে কমলনগরের জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বলেন, ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরুর দিন থেকে কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ কমলনগরের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেছে।
সকালে অভিযানের সময় চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় তিন মণ ইলিশ জব্দ করা হয়; যা পরে স্থানীয় এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
মৎস্য বিভাগ জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মেঘনা নদীর রামগতির চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
এ সময় মাছ আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, কোস্ট গার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেঘনা নদীতে অভিযান জোরদার করেছে।
নিষেধাজ্ঞা অমান্যকারীদের সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা, দুই বছরের কারাদণ্ড এবং উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।








