ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লি বিদ্যুৎ অফিসের সামনে দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক অপু মাঝি স্থানীয় কটকস্থল গ্রামের ছালেক মাঝির ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মাদ রোমান জানান, ঢাকাগামী হানিফ পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক অপু মাঝি (২৬) নিহত হয়েছেন।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছে। পাশাপাশি বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





