দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ২২১ জনের মৃত্যু হলো।
বুধবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৩১৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুইজন এবং ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত ৯৯ হাজার ২০১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯০৫ জন।
এদিকে, চলতি অক্টোবর মাসের ১৩ দিনে ২৫ হাজার ৬৯৬ জনের ডেঙ্গু শনাক্তের তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।




