বাবার জীবদ্দশায় ছেলের নামে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে তার মৃত্যুর পর জানাজা ও দাফন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে জানাজা ও দাফনে আপত্তি জানিয়েছেন মেয়ে।
আজ সোমবার (১২ অক্টোবর) সকালে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বোয়ালীদহ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম নাজির উদ্দিন ব্যাপারী (৭০)। তার ছেলে ইদ্রিস আলীর (৪০) নামে প্রায় চার বিঘা জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে নাজির উদ্দিন তার ছেলের নামে ওই জমি লিখে দেন। তবে মেয়ে হালিমা বেগম (৫০) জমি না পাওয়ায় এ নিয়ে তার ক্ষোভ ছিল। এ অবস্থায় রোববার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে নাজির উদ্দিনের মৃত্যু হয়। সোমবার সকাল ১০টার দিকে তার জানাজা ও দাফনের আয়োজন করা হলে জমি নিয়ে বিরোধের জেরে মেয়ে হালিমা আপত্তি জানান। এতে জানাজা ও দাফন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
পরে স্বজন ও স্থানীয় ব্যক্তিরা বিরোধ মীমাংসার উদ্যোগ নেন। এসময় বোন হালিমা বেগমকে এক লাখ ৫০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে সমঝোতার চেষ্টা করেন ইদ্রিস আলী। তবে বিকেল ৫টা পর্যন্ত বিরোধের চূড়ান্ত সমাধান না হওয়ায় দাফন সম্পন্ন করা সম্ভব হয়নি।
মৃতের মেয়ে হালিমা বেগমের ভাষ্য, ‘আমি আমার ন্যায্য অধিকার চাই।’ তবে এ বিষয়ে ছেলে ইদ্রিস আলীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম মিষ্টি বলেন, ‘নাজির উদ্দিনের মৃত্যুর পর জানাজা ও দাফনকে কেন্দ্র করে সম্পত্তির বিরোধ প্রকাশ্যে এসেছে। বিষয়টি সালিশি বৈঠকের মাধ্যমে মীমাংসার চেষ্টা চলছে।’
ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য শাহ মো. জিল্লুর রহমান বলেন, ‘বিষয়টি সমঝোতার জন্য উভয় পক্ষ ও গ্রামবাসীকে নিয়ে আলোচনা চলছে। আমরা চাই, বিরোধের সমাধান করে নাজির উদ্দিনের দাফন সম্পন্ন হোক।’
এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইস্তেকার হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পারিবারিক এ বিরোধের সমাধানে স্থানীয়রা চেষ্টা করছেন।
এআর




