দলীয় শৃঙ্খলা জোরদার, রাজনৈতিক শিক্ষা অর্জন এবং সুন্দর সমাজ ও দেশ গঠনে নেতাকর্মীদের দক্ষ করে তুলতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জমিয়তের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জমিয়তের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় জমিয়তের দায়িত্বশীল ও অভিজ্ঞ প্রশিক্ষক আল্লামা শেখ মুজিব সাহেবের উপস্থিতিতে কর্মশালার কার্যক্রম শুরু হয়।
কর্মশালার উদ্বোধনী বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, একটি সুন্দর দেশ ও আদর্শ জাতি গড়তে হলে সবার আগে সুন্দর, সুশৃঙ্খল ও নৈতিকতাপূর্ণ সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে হলে ব্যক্তিগত ও সাংগঠনিক পর্যায়ে দায়িত্বশীলতা, সততা এবং শৃঙ্খলার চর্চা অপরিহার্য।
তিনি আরও বলেন, ইসলামি রাজনৈতিক দল হিসেবে জমিয়তের নেতাকর্মীদের প্রথমেই দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক নীতিমালা মেনে চলতে হবে। রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখতে হলে আদর্শিক জ্ঞান, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক সচেতনতা অর্জন করতে হবে। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা নেতাকর্মীদের যোগ্যতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাওলানা ফেরদাউসুর রহমান আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে নেতাকর্মীরা সঠিক রাজনৈতিক শিক্ষা অর্জন, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং সাংগঠনিক দায়িত্ব পালনে আরও দক্ষ হয়ে উঠবেন। পাশাপাশি দেশ, জাতি ও সমাজের কল্যাণে তাঁরা আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।
কর্মশালায় দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং আদর্শভিত্তিক রাজনৈতিক চর্চার গুরুত্ব তুলে ধরা হয় বলে আয়োজক সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জমিয়তের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।







