নারায়ণগঞ্জ ।
,

পিরোজপুরে জমি মামলায় সাক্ষ্য দেওয়ায় বৃদ্ধকে মারধরের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

পিরোজপুরের নেছারাবাদে জমি-সংক্রান্ত বিরোধের মামলায় সাক্ষ্য দেওয়ায় মো. আনসার আলী (৬০) নামে এক ব্যক্তিকে রাস্তায় আটকে মারধরের অভিযোগ উঠেছে মো. আবুল বাশার নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় আনসার আলী আহত হয়ে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার বলদিয়া ইউনিয়নের কাটাখালি গ্রামের বাজারসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন আহত আনসার আলী।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, কাটাখালি গ্রামের বাসিন্দা সাবেক সেনাসদস্য ওসমান গনির সঙ্গে জমি নিয়ে আবুল বাশারের বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় আনসার আলীকে সাক্ষী করা হয়।

আনসার আলীর অভিযোগ, মামলাটি শেষ পর্যায়ে রয়েছে। এর মধ্যে গত ২৫ সেপ্টেম্বর আবুল বাশার তাকে আদালতে গিয়ে সাক্ষ্য না দিতে নিষেধ করেন এবং ভয়ভীতি দেখান। তবে তিনি তা উপেক্ষা করে আদালতে গিয়ে মামলায় সাক্ষ্য দেন।

আনসারের দাবি, এর জেরেই শুক্রবার দুপুরে কাটাখালি বাজারের কাছে রাস্তায় তাকে দেখতে পেয়ে আবুল বাশার ও তার জামাতা আশিক তাকে মারধর করেন। একপর্যায়ে তার পরনের কাপড় খুলে দেওয়ারও অভিযোগ করেন তিনি। পরে স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন আনসার আলী বলেন, “ওসমান গনি ও আবুল বাশারের মধ্যে জমি নিয়ে মামলা চলছে। ওই মামলায় আমি সাক্ষী। সাক্ষ্য দেওয়ার কারণেই কাটাখালি গ্রামের আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার ও তার জামাতা আমাকে মারধর করেছেন।”

মামলার বাদী ওসমান গনি বলেন, তার ভাইয়ের কাছ থেকে আবুল বাশার গোপনে একটি জমির দলিল করে নেন। বিষয়টি জানতে পেরে তিনি পিরোজপুর আদালতে টাকা দাখিল করেন। ওই মামলায় আনসার আলী সাক্ষী। তাঁর ভাষ্য, আবুল বাশার আগে আনসারকে সাক্ষ্য না দিতে নিষেধ ও ভয়ভীতি দেখিয়েছিলেন। পরে তিনি সাক্ষ্য দেওয়ায় তাকে মারধর করা হয়েছে।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন আবুল বাশার। তিনি বলেন, শুক্রবার বাজারে বসে থাকার সময় আনসার আলী পেছন থেকে এসে তাকে ধাক্কা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কিছুটা হাতাহাতি হয়েছে। তবে তিনি আনসারকে মারধর কিংবা তার কাপড় খুলে দেওয়ার অভিযোগ অস্বীকার করেন।

আবুল বাশার আরও বলেন, তিনি আওয়ামী লীগের সভাপতি নন, তবে দলটিকে সমর্থন করেন।

কাটাখালি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, ওসমান গনি ও আবুল বাশারের মধ্যে জমি নিয়ে মামলা চলছে। ওই মামলায় আনসার আলী সাক্ষী। তিনি শুনেছেন, মামলায় সাক্ষী হওয়ার কারণেই আনসারকে আবুল বাশার মারধর করেছেন। রফিকুলের দাবি, আবুল বাশার আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি।

এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >