সেনাবাহিনীর কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে যাত্রা করেছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের একটি বহর। চারটি বিশেষ লরিতে করে সড়কপথে রূপপুর প্রকল্প এলাকায় নেওয়া হচ্ছে এই জ্বালানি।
শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে বহরটি যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা এলাকা অতিক্রম করে হাটিকুমরুলের পাঁচলিয়া আন্তঃনগর ট্রাক বিশ্রামাগারে যাত্রাবিরতি দেয়। প্রায় এক ঘণ্টা বিরতির পর পুনরায় রূপপুর প্রকল্প এলাকার উদ্দেশে রওনা হয় বহরটি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান জানান, ইউরেনিয়াম বহনকারী বিশেষ লরিবহরটি সকাল ৯টা ৩৫ মিনিটে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পাঁচলিয়া আন্তঃনগর ট্রাক বিশ্রামাগারে পৌঁছে যাত্রাবিরতি দেয়। প্রায় পৌনে এক ঘণ্টা বিরতির পর আবার বহরটি রূপপুরের উদ্দেশে রওনা হয়।
এর আগে শনিবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়াম বহনকারী লরিবহরটির যাত্রা শুরু হয়। বহরের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে পুরো পথজুড়ে বিশেষ সতর্কতামূলক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পারমাণবিক জ্বালানিবাহী বিশেষ উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান অবতরণের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তারা তেজস্ক্রিয় এই জ্বালানির চালান বুঝে নেন।



