জামালপুর সদর উপজেলার নান্দিনা পুরাতনপাড়া গ্রামে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী ছানোয়ার হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে গলায় জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করেছে। একই সময় তার বসতঘরে ভাঙচুরের ঘটনাও ঘটে।
গতকাল শুক্রবার নান্দিনা পুরাতনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছানোয়ার হোসেন ওই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। তিনি নান্দিনা ছিঁড়া মার্কেটে জুতার ব্যবসা করেন।
শনিবার (৩ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব।
শিশুটির স্বজনদের অভিযোগ, শুক্রবার ভোরে প্রতিবেশী খোকন মিয়ার বাড়িতে ঢ়ুকে ঘুমন্ত শিশুকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করেন ছানোয়ার হোসেন। এ সময় শিশুটির চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়ে ছানোয়ার হোসেনকে আটক করেন। পরে তাকে নিজ ঘরে আটকে রেখে গলায় জুতার মালা পরিয়ে দেয়া হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তার বসতঘরে ভাঙচুর চালায়।
খবর পেয়ে শত শত মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে জামালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছানোয়ার হোসেনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে জামালপুর থানার ওসি নাজমুস সাকিব বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ছানোয়ার হোসেনকে আদালতের নির্দেশে শুক্রবারই জেলা কারাগারে পাঠানো হয়েছে।



