বেতন কাঠামোতে ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধি, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনে থাকা শিক্ষকরা আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন।
সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর শহীদ মিনারে দিনব্যাপী লাগাতার অবস্থান কর্মসূচি চলাকালে সন্ধ্যায় এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা।
জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, মঙ্গলবার দুপুর ১২টায় আমরা সচিবালয়ের উদ্দেশে যাত্রা করবো। আমাদের লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। শহীদ মিনারেই শিক্ষকরা রাতযাপন করবেন।সারা দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস বন্ধ রেখে কর্মবিরতি চলবে।রবিবার শিক্ষকদের ওপর যে হামলা চালানো হয়েছে, তা ন্যাক্কারজনক। এই সরকারের কাছ থেকে এমন আচরণ আমরা প্রত্যাশা করিনি। আমাদের পাঁচজন সহকর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। তিন দফা দাবির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

জোটের নেতা এস এম ফরিদ উদ্দিন বলেন, “যতক্ষণ আমাদের দাবির বিষয়ে প্রজ্ঞাপন জারি না হবে, ততক্ষণ আমরা শহীদ মিনার থেকে সরছি না। দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন।”
এর আগে রবিবার (১১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সোমবার সকাল থেকে শিক্ষকরা সারা দেশে কর্মবিরতি শুরু করেন।সেই ধারাবাহিকতায় বিকেল থেকে শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষকরা। দিনব্যাপী চলা এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষানুরাগীরা সংহতি জানান।
শিক্ষকরা জানান, সোমবার সকাল থেকেই দেশের বহু শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ রয়েছে। তারা কর্মস্থলে উপস্থিত থাকলেও পাঠদানসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত রয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা







