কুমিল্লায় রেললাইনের ওপর থেকে আবু সাঈদ (৪২) নামে এক ব্যবসায়ীর খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
নিহত আবু সাঈদ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হরিপুর গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুস সালামের ছেলে। তিনি কুমিল্লা নিউমার্কেটের চান্দিনা প্লাজায় ‘গ্রাফিক্স পয়েন্ট’ নামে নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতেন। নগরীর দক্ষিণ চর্থা নবাব বাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
পরিবারের সদস্যরা জানান, সকাল ৭টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে আবু সাঈদের মৃত্যুর খবর দেন। খবর পেয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে রেললাইনের বিভিন্ন স্থানে তার মরদেহের বিচ্ছিন্ন অংশ পড়ে থাকতে দেখেন। পাশে তার জুতা, মানিব্যাগ ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ব্যক্তিগত জিনিসপত্রও পাওয়া যায়।
তবে কখন এবং কীভাবে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সন্তানের এমন মৃত্যুর খবরে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা আব্দুস সালাম। অবসরপ্রাপ্ত এই ব্যাংক কর্মকর্তা ছেলের কথা ভেবে চুপচাপ বসে আছেন। আকস্মিকভাবে সন্তান হারিয়ে কী করবেন, যেন কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি।
খবর পেয়ে সদর দক্ষিণের ইপিজেড পুলিশ ফাঁড়ির এএসআই নুর মোহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এএসআই নুর মোহাম্মদ বলেন, “আমরা ঘটনাস্থলে এসে মরদেহ দেখতে পেয়েছি। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এসে পরবর্তী ব্যবস্থা নেবে।”
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহরাব হোসেন বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ জানিয়েছে, এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত ও ময়নাতদন্তের পর স্পষ্ট হবে।



