নরসিংদীর পলাশ উপজেলায় এক বালু ব্যবসায়ীকে মারধর ও কানে কামড় দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ড্রেজার মেশিন বসানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।সোমবার (১৩ জুলাই) ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে থেকে বালু ব্যবসায়ী সাখাওয়াত হোসেনকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে।
আহত সাখাওয়াত হোসেনের দাবি, ড্রেজার মেশিন বসানো নিয়ে বিরোধের জেরে তাকে প্রায় এক ঘণ্টা আটকে রেখে মারধর করা হয়। একপর্যায়ে অভিযুক্ত বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়া তার কানে কামড় দেন। এতে তার কানে চারটি সেলাই দিতে হয়েছে বলে তিনি জানান।অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহিউদ্দিন চিশতিয়া তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।এদিকে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ তাদের কাছে জমা পড়েনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





