নারায়ণগঞ্জ ।
,

কৈয়ারবিলে বন্যার স্রোতে ভেসে নিখোঁজ কিশোর সুজিত দাসের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে বন্যার তীব্র স্রোতে ভেসে নিখোঁজ হওয়া সুজিত দাস (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার (১২ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের জলদাসপাড়া এলাকার মাতামুহুরী নদীসংলগ্ন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুজিত দাস একই এলাকার বাসিন্দা তুফান দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কৈয়ারবিলের জলদাসপাড়া এলাকায় সড়কের ওপর দিয়ে প্রবল বেগে পানি মাতামুহুরী নদীর দিকে প্রবাহিত হচ্ছিল। শনিবার বিকেল ৩টার দিকে সুজিত দাস আরও দুজনের সঙ্গে ওই সড়ক দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় হঠাৎ পা পিছলে পানিতে পড়ে গেলে তীব্র স্রোতে সে ভেসে যায়।

ঘটনার পর স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করলেও পানির তীব্র স্রোতের কারণে অভিযান পরিচালনায় বাধার মুখে পড়ে।

কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করা হলেও প্রতিকূল পরিস্থিতির কারণে অভিযান ব্যাহত হয়। প্রায় ২৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর রোববার বিকেলে সুজিতের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের নর্থ জোনের ইনচার্জ দিদারুল হক বলেন, ঘটনাস্থলে পানির স্রোত অত্যন্ত তীব্র থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হয়েছে। পরে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দলের সহায়তায় রোববার বিকেল ৩টার দিকে কিশোরটির মরদেহ উদ্ধার করা হয়।

আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে সুজিত দাসের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >