নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফ্রেশ কোম্পানির আত্মসাৎ হওয়া প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন সয়াবিন তেল (প্রায় ১৩ টন) ও একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক মো. আল আমিন গাজী (৩০)কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুলাই ২০২৬ বিকেল সাড়ে ৫টার দিকে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকায় অবস্থিত মেঘনা ফ্রেশ কোম্পানি থেকে রংপুরে পাঠানোর জন্য ট্রাকে ৭৫০ কার্টন সয়াবিন তেল লোড করা হয়। ট্রাকটি রংপুরের উদ্দেশ্যে রওনা দিলেও নির্ধারিত গন্তব্যে পণ্য পৌঁছে না দিয়ে চালক আত্মগোপনে চলে যায়।
এ ঘটনায় ফাহিমা ই-ট্রান্সপোর্টের ম্যানেজার মো. হাছান আলীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে সোনারগাঁও থানায় প্রতারণার মামলা রুজু করা হয়।
মামলা তদন্তে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) দীপংকর ঘোষের তদারকি এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
তথ্যপ্রযুক্তির সহায়তায় ১০ জুলাই গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকা থেকে অভিযুক্ত ট্রাকচালক মো. আল আমিন গাজীকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার সাভারের আমিনবাজার এলাকা থেকে আত্মসাৎকৃত ৭১৬ কার্টন সয়াবিন তেল ও সংশ্লিষ্ট ট্রাকটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত তেলের আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।







