টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের জনবল সংকট নিরসনে দ্রুত উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুলতান সালউদ্দিন টুকু। প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসা মানবিক ও দায়িত্বশীল পেশা। সীমিত জনবল থাকা সত্ত্বেও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জনগণকে মানসম্মত স্বাস্থ্যসেবা দেয়া সম্ভব।
হাসপাতালের অক্সিজেন, অ্যাম্বুলেন্স ও অন্যান্য অবকাঠামোগত সমস্যাও দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার (১০ জুলাই ) সকালে হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় তিনি এ সব কথা বলেন। সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলের মানুষকে উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে সরকার আন্তরিক।
ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। নতুন জনবল নিয়োগ না হওয়া পর্যন্ত বিদ্যমান জনবল দিয়েই সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সহিত দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসক ও অন্যান্য জনবল সংকট নিরসন, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিতকরণ, রোগ নির্ণয় ও চিকিৎসাসেবার মান বৃদ্ধি, ওয়ার্ডের পরিবেশ উন্নয়ন, দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ এবং অ্যাম্বুলেন্স সেবার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মো. মুস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নূরুল আমিন মিঞা, হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, চিকিৎসক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








