দেশে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও জনসেবার পরিধি বাড়াতে নতুন আরও তিনটি উপজেলা এবং একটি থানা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। নতুন উপজেলা তিনটি হলো চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও।
একই সঙ্গে চট্টগ্রামে নতুন হালদা থানা গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু। তিনি জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে নতুন তিনটি উপজেলা এবং একটি থানা গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
নিকারের অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে নতুন “ফটিকছড়ি উত্তর” উপজেলা গঠন করা হবে। একইভাবে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে “বাঙ্গরা” নামে নতুন উপজেলা গঠন করা হয়েছে। এছাড়া ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার অধীন ৮টি ইউনিয়ন নিয়ে “দক্ষিণ গফরগাঁও” উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে নতুন “হালদা” থানা গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন প্রশাসনিক ইউনিট গঠনের ফলে স্থানীয় জনগণের দোরগোড়ায় সরকারি সেবা আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অন্তর্ভুক্ত প্রকল্প অংশগুলোকে ঢাকা জেলার আওতায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
এর ফলে প্রকল্পটির প্রশাসনিক ব্যবস্থাপনা ও সমন্বয় আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, এসব সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ পর্যায়ক্রমে সম্পন্ন করবে।
নিকারের ১২১তম বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন।







