মুন্সীগঞ্জের সিরাজদিখানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৬ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে সিরাজদিখান উপজেলার সিরাজদিখান বাজার থানা রোড মোড়ে জাহাঙ্গীর সর্দারের লন্ড্রি দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ কামরুল হাসান, পিপিএম-এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তির দেহ তল্লাশি করে তাদের দখল থেকে মোট ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন টংগীবাড়ী উপজেলার আমতলী এলাকার মোঃ শরিফ দেওয়ান (৩৫) এবং আউটশাহী এলাকার মোঃ জাকির শেখ (৫২)।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ২২০ গ্রাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





