নারায়ণগঞ্জ । শুক্রবার
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোন স্তরের সিগারেটের দাম কত বাড়ছে

ফাইল ছবি

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ লক্ষ্য তুলে ধরেন।

নতুন অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে।

বাজেটে তামাক ও তামাকজাত পণ্যের ওপর নতুন মূল্য ও কর কাঠামোর প্রস্তাব রাখা হয়েছে। এর আওতায় সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য স্তরভেদে পুনর্নির্ধারণ করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, নিম্নস্তরের সিগারেটের প্রতি ১০ শলাকার ন্যূনতম মূল্য ৬২ টাকা, মধ্যম স্তরে ৯২ টাকা, উচ্চ স্তরে ১৬০ টাকা এবং অতি উচ্চ স্তরে ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। সেই হিসাবে প্রতি শলাকার দাম দাঁড়ায় যথাক্রমে ৬.২ টাকা, ৯.২ টাকা, ১৬ টাকা এবং ২১ টাকা।

এছাড়া নিকোটিন পাউচ ও হিটেড টোবাকো পণ্যের ক্ষেত্রেও নতুন কর কাঠামোর প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী নিকোটিন পাউচে প্রতি ১০ গ্রামে ৫০০ টাকার ভিত্তিতে ৪০ শতাংশ সম্পূরক শুল্ক এবং হিটেড টোবাকোতে প্রতি ১০ শলাকায় ২১০ টাকার ভিত্তিতে ৬৭ শতাংশ শুল্ক নির্ধারণের কথা বলা হয়েছে।

অবৈধ তামাক বাণিজ্য নিয়ন্ত্রণে বাজেটে ট্র্যাক অ্যান্ড ট্রেস পদ্ধতি চালুর প্রস্তাবও রাখা হয়েছে, যার মাধ্যমে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত পুরো সরবরাহ চেইন নজরদারির আওতায় আনা হবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >