নারায়ণগঞ্জ । সোমবার
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক আটক।

কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়েছে। রবিবার (১৭ মে) বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরিচালিত পৃথক মোবাইল কোর্টে তাদের এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন মেহেদী হাসান অভি (২২) ও মো. অনিক (২৬)। তাদের মধ্যে মেহেদী হাসান অভি জেলা শহরের গাইটাল ডুবাইল এলাকার ওমর ফারুকের ছেলে এবং মো. অনিক পশ্চিম তারাপাশা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

জানা গেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৪ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। পরে উপ-পরিদর্শক মো. ওবায়দুল্লাহ খান দুইজনের বিরুদ্ধে পৃথক প্রসিকিউশন দায়ের করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সূফি সাজ্জাদ আল ফোজায়েল মেহেদী হাসান অভিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল ঘোষ পলাশ মো. অনিককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >