২০২৫ সাল প্রায় শেষ। এই বছর বিশ্বকে বিদায় জানিয়েছে ধর্ম, রাজনীতি, বিজ্ঞান, সাহিত্য, চলচ্চিত্র, সংগীত, ক্রীড়া ও ব্যবসার অসংখ্য প্রভাবশালী ব্যক্তি। ইতিহাসের নানা ক্ষেত্রে যাদের অবদান স্মরণীয়, তারা এ বছর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
ধর্ম
ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে প্রয়াত হন। জীবনের শেষ সময় তিনি বলেছিলেন, ‘চার্চ যখন দেয়াল তোলে, মানুষকে ক্ষতিগ্রস্ত করে।’ প্রথম লাতিন আমেরিকান পোপ হিসেবে চার্চের জাঁকজমক কমান, সমকামিতার বিষয়ে নরম অবস্থান গ্রহণ করেন এবং নারীদের নেতৃত্বের সুযোগ বাড়ান। এপ্রিলে তার শেষকৃত্যে আড়াই লাখের বেশি মানুষ অংশ নেন।
ফেব্রুয়ারিতে ইসমাইলি মুসলিমদের আধ্যাত্মিক নেতা আগা খান (করিম আল হুসেইনি) মারা যান। তিনি ছিলেন ১ কোটি ৫০ লাখ ইসমাইলির ধর্মীয় নেতা এবং আন্তর্জাতিকভাবে পরিচিত ধনাঢ্য ব্যক্তিত্ব।
রাজনীতি ও মানবাধিকার
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি ৩৩ বছর বয়সে নিহত হন। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ১২ ডিসেম্বর পল্টনের কালভার্ট রোডে তাকে গুলি করা হয়। এ ঘটনায় জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় সুষ্ঠু তদন্তের দাবি জানান।
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি (৮৪) নভেম্বর মাসে মারা যান। ফ্রান্সের কট্টর ডানপন্থি নেতা জ্যঁ-মারি ল্য পেন জানুয়ারিতে প্রয়াত হন। নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি, উরুগুয়ের হোসে মুজিকা এবং জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী তোমিইচি মুরায়ামাও এই বছর পৃথিবী ছাড়েন।
বিজ্ঞান ও পরিবেশ
পরিবেশ আন্দোলনের প্রতীক, প্রাইমেট গবেষক জেন গুডল ৯১ বছর বয়সে অক্টোবরে প্রয়াত হন। অ্যাপোলো-১৩ অভিযানের কমান্ডার জিম লাভেল এবং ডিএনএ আবিষ্কর্তা জীববিজ্ঞানী জেমস ওয়াটসন ৯৭ বছর বয়সে এই বছর বিদায় নেন।
চলচ্চিত্র ও বিনোদন
হলিউডের কিংবদন্তি রবার্ট রেডফোর্ড ৮৯ বছর বয়সে সেপ্টেম্বরে মারা যান। ‘দ্য স্টিং’, ‘আউট অব আফ্রিকা’ ও ‘অল দ্য প্রেসিডেন্টস মেন’-এর মাধ্যমে তিনি দর্শকদের মন জয় করেছিলেন। ডায়ান কিটন ৭৯ বছর বয়সে অক্টোবরে প্রয়াত হন। রহস্যময় চলচ্চিত্র নির্মাতা ডেভিড লিঞ্চ জানুয়ারিতে ৭৮ বছর বয়সে মারা যান। জিন হ্যাকম্যান ৯৫ বছর বয়সে ফেব্রুয়ারিতে হৃদরোগসহ জটিলতায় মারা যান। ভ্যাল কিলমার ৬৫ বছর বয়সে এপ্রিল মাসে মৃত্যুবরণ করেন।
বলিউড
কিংবদন্তি ধর্মেন্দ্র ২৪ নভেম্বর প্রয়াত হন, তার ৯০তম জন্মদিনের ঠিক আগে তিনি মৃত্যু বরণ করেন। ‘শোলে’ থেকে ‘সীতা অউর গীতা’-র মতো কালজয়ী সিনেমা তাকে চিরস্মরণীয় করেছে। হিট গায়িকা শেফালি জারিওয়ালা ৪২ বছর বয়সে জুনে হৃদরোগে মারা যান। জুবিন গার্গ ৫২ বছর বয়সে সেপ্টেম্বর মাসে প্রয়াত হন। সুলক্ষণা পণ্ডিত ৭১ বছর বয়সে নভেম্বর মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সতীশ শাহ ৭৪ বছর বয়সে অক্টোবর মাসে মারা যান। আসরানি ৮৪ বছর বয়সে শেষ জীবনের নিঃশ্বাস ত্যাগ করেন।
সংগীত ও ক্রীড়া
হেভি মেটাল তারকা অজি অসবোর্ন জুলাইয়ে ৭৬ বছর বয়সে প্রয়াত হন। বিচ বয়েজের সহ-প্রতিষ্ঠাতা ব্রায়ান উইলসন জুনে ৮২ বছর বয়সে মারা যান। হেভিওয়েট বক্সিং কিংবদন্তি জর্জ ফোরম্যান ৭৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পেশাদার কুস্তির আইকন হাল্ক হোগান জুলাইয়ে ৭১ বছর বয়সে মৃত্যুবরণ করেন। লিভারপুলের ফুটবলার দিওগো জোটা ২৮ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।
সাহিত্য
নাট্যকার টম স্টপার্ড নভেম্বরে মারা যান। নোবেলজয়ী লেখক মারিও ভার্গাস ইয়োসা এপ্রিল মাসে ৮৯ বছর বয়সে প্রয়াত হন। কেনিয়ান লেখক নগুগি ওয়া থিয়ং, ফ্রেডরিক ফরসাইথ ও জিলি কুপারও এই বছর পৃথিবী ছাড়েন।
জার্নালিজম ও আলোকচিত্র
গাজায় ইসরায়েলি হামলায় রয়টার্সের পাঁচ সাংবাদিক নিহত হন। আলোকচিত্রী সেবাস্তিয়াও সালগাদো ৮১ বছর বয়সে মারা যান।
অন্যান্য উল্লেখযোগ্য
স্থপতি ফ্র্যাঙ্ক গেহরি, ব্রিটেনের প্রথম নারী গোয়েন্দা প্রধান স্টেলা রিমিংটন, স্পেস স্কাইডাইভার ফেলিক্স বাউমগার্টনার এবং ব্যবসায়ী ফ্রেডেরিক স্মিথসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি এ বছর পৃথিবী ছাড়েন।
২০২৫ সাল তাই ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে অসংখ্য প্রভাবশালী মানুষের বিদায়ের জন্য। তাদের অবদান, কাজ ও চিন্তা বিশ্বকে দীর্ঘদিন পথ দেখাবে।








