নারায়ণগঞ্জের সংবাদমাধ্যম জগতে সুপরিচিত নাম মোঃ সহিদুল ইসলাম সহিদ।
নারায়ণগঞ্জের সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল ‘সময় নারায়ণগঞ্জ’ এর প্রকাশক এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মোঃ সহিদুল ইসলাম সহিদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৮ নভেম্বর ডেঙ্গুর উপসর্গ তীব্র আকার ধারণ করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকের পরামর্শে ভর্তি করা হয়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পর স্থানীয় গণমাধ্যম অঙ্গন, সংবাদকর্মী সমাজ ও ফটোগ্রাফি পেশাজীবীদের মধ্যে এক ধরনের শঙ্কা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
নারায়ণগঞ্জে চলতি সময়ে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ নাগরিক থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ ঝুঁকির মধ্যে রয়েছেন। সহিদুল ইসলাম সহিদের হঠাৎ অসুস্থতা এই বাস্তবতাকে আরও স্পষ্ট করে তুলেছে। চিকিৎসাধীন সহিদুল ইসলাম সহিদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তারা জানান, চিকিৎসকরা নিয়মিত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করছেন এবং শিগগিরই শারীরিক অবস্থার উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
সহিদুল ইসলাম সহিদের নেতৃত্বে ‘সময় নারায়ণগঞ্জ’ বছরের পর বছর পাঠকপ্রিয়তা ধরে রেখেছে। তার অসুস্থতার কারণে সংবাদ সংগ্রহ থেকে প্রকাশনা সব জায়গাতেই একটি মানসিক চাপ তৈরি হচ্ছে। সময় নারায়ণগঞ্জ পরিবারসহ তার অধীনস্থ সাংবাদিকরা জানান ,সহিদুল ইসলাম সহিদ শুধু একজন প্রকাশক নন, বরং তরুণ সংবাদকর্মীদের অনুপ্রেরণার উৎস। তাই তার অসুস্থতা স্থানীয় সংবাদ জগতে একটি শূন্যতার অনুভূতি তৈরি করেছে।
পরিবারের সদস্য এবং সময় নারায়ণগঞ্জের পক্ষ থেকে সহিদুল ইসলাম সহিদের দ্রুত রোগমুক্তির জন্য সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।







