নারায়ণগঞ্জ ।
,

আড়াই হাজারে জামায়াত নেতাদের ওপর হামলার অভিযোগ, জড়িতদের বিচারের দাবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌর জামায়াতের সভাপতি নূরুল আমিনসহ দলীয় নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে এর তীব্র নিন্দা, প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখা।

শুক্রবার (৩১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যক্ষ মাসুদুর রহমান গিয়াস ও সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার বিকেলে আড়াইহাজার পৌরসভার বড় মসজিদ সড়কে অবস্থিত ধানসিঁড়ি কম্পিউটারে যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন হামলা চালায়। এতে পৌর জামায়াতের সভাপতি নূরুল আমিন, পৌর কমিটির সদস্য কামরুল হাসান মঞ্জু এবং স্থানীয় পপুলার হাসপাতালের কর্মচারী বশির আহমদ আহত হন। পরে তাদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জামায়াতের দাবি, আগামী ১ আগস্ট ঘোষিত গণমিছিল উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে কামরুল হাসান মঞ্জু তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেওয়ার জেরে এ হামলার ঘটনা ঘটে।

বিবৃতিতে জেলা জামায়াত নেতারা অভিযোগ করেন, এ ধরনের হামলা শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >