ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জুলাই-২৪ এর ছাত্র আন্দোলন যখন উত্তাল, তখন সাধারণ শিক্ষার্থীদের প্রতি সম্মান জানিয়ে স্যালুট করা এক রিকশাচালকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। মুহূর্তেই দেশজুড়ে আলোচনায় আসেন মোহাম্মদ সুজন নামের সেই রিকশাচালক। জুলাই বিপ্লবের দিনগুলোতে শিক্ষার্থীদের প্রতি তার সেই নিঃস্বার্থ সমর্থন ও সম্মান প্রদর্শন তাকে সাধারণ মানুষের কাছে এক সাহসী প্রতীকে রূপান্তরিত করে তুলে।
এবার সেই সুজনই নামছেন সক্রিয় রাজনীতির মাঠে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র কেনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র
শিক্ষার্থী আন্দোলনের সময় ভাইরাল হওয়া সেই ছবি ও ভিডিওগুলোতে দেখা যায়, অতিরিক্ত ভাড়ার প্রলোভন উপেক্ষা করে তিনি শিক্ষার্থীদের বিনামূল্যে পৌঁছে দিচ্ছেন, কখনও আবার আহতদের সাহায্যে এগিয়ে যাচ্ছেন। তার ভূমিকাকে অনেকেই ‘জুলাই আন্দোলনের মানবিক প্রতীক’ হিসেবে মূল্যায়ন করেছিলেন।

রাজনীতিতে তার নতুন যাত্রা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ চোখে পড়ার মতো। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের প্রতিনিধি হিসেবে সুজনের উঠে আসাকে অনেকে দেখছেন ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা হিসেবে।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সুজনের মতো একজন শ্রমজীবী মানুষের নির্বাচনী মাঠে নামা নতুন প্রজন্মের রাজনীতিতে ভিন্ন বার্তা দিচ্ছে, ‘রাজনীতি শুধু ক্ষমতাবানদের নয়, জনগণের হাতেও’।
সব মিলিয়ে, ভাইরাল হওয়া সেই স্যালুটের পর এবার নির্বাচনী মাঠেই তার শক্ত উপস্থিতি দেখতে আগ্রহী দেশের সকল স্তরের জনগণ।







