মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচটি ভবনে তালা ঝোলানোর ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ নিরাপত্তা প্রহরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বরখাস্ত হওয়া নিরাপত্তা প্রহরীরা হলেন—মো. শাহ আলম (আইইআর), মো. সেলিম (আইইআর), মো. সংগ্রাম হোসেন (চারুকলা অনুষদের মাঝের গেট), মো. সফিকুল ইসলাম (পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট) এবং মো. আলী আহমেদ (কার্জন হলের পেছনের গেট)।
জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, গত মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত তারা নিজ নিজ কর্মস্থলে নিরাপত্তা দায়িত্বে ছিলেন। ওই সময় প্রক্টরিয়াল সিকিউরিটি মোবাইল টিম নিয়মিত পরিদর্শনে গিয়ে তাদের দায়িত্বে অবহেলা লক্ষ্য করে। পরবর্তীতে তদন্তে বিষয়টি নিশ্চিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সাময়িকভাবে বরখাস্ত করেছে।
এর আগে একই রাতে ঢাবির পাঁচটি একাডেমিক ভবনে রহস্যজনকভাবে তালা ঝোলানোর ঘটনা ঘটে। রাত ৩টা ৩৭ মিনিটের দিকে চারুকলা অনুষদ, হাইকোর্টসংলগ্ন কার্জন হল গেট, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটসহ পাঁচটি স্থাপনার মূল ফটকে তালা ঝোলানো হয়। তালার ওপরে লেখা ছিল—“লকডাউন, বিএসএল”।
প্রায় এক ঘণ্টা পর, রাত ৪টা ৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই তালাগুলো খুলে ফেলে। পরদিন কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এই ধরনের রহস্যজনক ঘটনার পর শিক্ষার্থী ও কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।








