নারায়ণগঞ্জ । শনিবার
৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

জাবি শিক্ষার্থীকে মারধর,সেলফী পরিবহনের ৭ বাস আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ‘সেলফী পরিবহন’-এর সাতটি বাস আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গতকাল বুধবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক থেকে বাসগুলো আটক করা হয়। বর্তমানে বাসগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে রাখা হয়েছে।ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সাফায়েত।তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী। 

এ বিষয়ে সাফায়েত বলেন, ‘ঢাকাগামী একটি বাসে যাত্রা শুরু করলে কর্মচারীরা যাত্রী কম থাকার অজুহাতে মাঝপথে গাড়ি থামিয়ে সবাইকে নামিয়ে দিতে চান। আমি মাঝপথে নামতে অস্বীকার করলে বাসের ড্রাইভার ও হেলপার আমার ওপর চড়াও হন এবং মারধর করেন। ঘটনার সময় নবীনগর এলাকার দিকে অন্য গাড়ির চালক ও হেলপাররাও যাত্রীদের ওপর হামলা চালান।

এতে এক যাত্রী মাথায় গুরুতর আঘাত পান এবং তাকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’

পরবর্তীতে আহত শিক্ষার্থী ও তার সহপাঠীরা ক্যাম্পাসে ফিরে এসে গতকাল রাতে মূল ফটকে অবস্থান নেন এবং প্রতিবাদ স্বরূপ ‘সেলফী পরিবহন’-এর সাতটি বাস আটক করেন।

এই বিষয়ে সেলফী পরিবহনের এক কর্মকর্তা বলেন, ‘শুনেছি, আমাদের একটি বাসের কর্মচারী এক শিক্ষার্থীকে মারধর করেছেন। শিক্ষার্থীরা কয়েকটি বাস আটক রেখেছে।আমরা সংশ্লিষ্ট হেলপারকে শনাক্ত করার চেষ্টা করছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, ‘ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। বৃহস্পতিবার বাস মালিকপক্ষ বিশ্ববিদ্যালয়ে আসবেন বলে জানিয়েছেন। তারা এলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >