নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সনমান্দী হাসান খান উচ্চ বিদ্যালয়ের (এডহক) সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন নারী উদ্যোক্তা ও শিক্ষানুরাগী রোকেয়া আক্তার।
আজ, ২৭ এপ্রিল, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান রোকেয়া আক্তারকে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত করে আনুষ্ঠানিক চিঠি ইস্যু করেন। পরিচালনা কমিটির অপর দুই সদস্য হলেন—প্রতিষ্ঠানটির শিক্ষক আলী হোসেন এবং অভিভাবক সদস্য নুরুজ্জামান স্বপন। এ কমিটির মেয়াদ হবে ছয় মাস।
উল্লেখ্য, রোকেয়া আক্তার বিদ্যালয়টির সাবেক সভাপতি এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের রূপকার, বিশিষ্ট সাংবাদিক মনিরুজ্জামান মনিরের সহধর্মিণী।
গত ৮ এপ্রিল সোনারগাঁয়ের মাননীয় সংসদ সদস্য জননেতা আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া আক্তারকে সভাপতি করার প্রস্তাব দিয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক বরাবর চিঠি প্রেরণ করেন। পরবর্তীতে জেলা প্রশাসক সেই প্রস্তাব ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে প্রেরণ করলে আজ চূড়ান্তভাবে তাঁকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
সভাপতি নির্বাচিত হওয়ার পর রোকেয়া আক্তার মাননীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা ও শিক্ষার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও জানান, পূর্বের ন্যায় দরিদ্র শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগসহ সব ধরনের সুবিধা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








