নারায়ণগঞ্জ । সোমবার
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

যৌন নিপীড়নে
ঢাবির অধ্যাপক ড. এরশাদ হালিম আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে পুরুষ শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর শেওরাপাড়ার বাসা থেকে তাকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ। বর্তমানে থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে রসায়ন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করে অধ্যাপক এরশাদ হালিমের বিরুদ্ধে গুরুতর যৌন হয়রানির অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার্থী এ কে এম সুমনের ফেসবুক পোস্টে পরিচয় গোপন রেখে দুই ভুক্তভোগীর বক্তব্যও প্রকাশ করা হয়।

অভিযোগ অনুযায়ী, অধ্যাপক এরশাদ হালিম নিজের বাসার ঘর অন্ধকার করে দরজা-জানালা বন্ধ রেখে বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের শারীরিক স্পর্শে বাধ্য করতেন। অনেক ক্ষেত্রে তিনি জোরপূর্বক তাদের শরীরের সংবেদনশীল স্থানে হাত দিতেন এবং অশোভন আচরণ করতেন।

এক শিক্ষার্থী জানান, পরীক্ষায় সহায়তার প্রতিশ্রুতি দিয়ে তাকে বাসায় ডেকে নেওয়া হয় এবং সেখানে তাকে শারীরিকভাবে আক্রমণাত্মক আচরণের মুখে পড়তে হয়। ভয় দেখিয়ে বিষয়টি গোপন রাখতেও বাধ্য করা হয় বলে তিনি অভিযোগ করেন। ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

আরেক শিক্ষার্থীর দাবি, পরীক্ষাসংক্রান্ত ব্যাখ্যার কথা বলে তাকে বারবার বাসায় ডেকে নেওয়া হতো, এবং সুযোগ পেলে অধ্যাপক অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ করতেন। বাধা দিলে বিরূপ আচরণের সম্মুখীন হতে হতো। ফলে তিনি স্বাভাবিকভাবে ক্লাসে অংশ নিতে পারছেন না বলে জানান।

ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, অধ্যাপক এরশাদ হালিমকে পুলিশের অনুরোধে থানায় নেওয়া হয়েছে। যেহেতু তিনি বিশ্ববিদ্যালয় এলাকায় ছিলেন না, তাই তাকে আটক করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক অনুমতির প্রয়োজন হয়নি। তবে প্রশাসন ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে।

বহু শিক্ষার্থীর অভিযোগ প্রকাশ্যে আসার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ যৌথভাবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই এবং পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >