নারায়ণগঞ্জ । শনিবার
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ড্রাম থেকে টুকরো লাশ উদ্ধারের ঘটনায় মামলা, মূল আসামি নিহতের বন্ধু

রাজধানীর শাহবাগ থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় নিহত আশরাফুল হকের বন্ধু জরেজকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে নিহতের পরিবার।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় জরেজের পাশাপাশি অজ্ঞাতনামা বেশ কয়েকজনকেও আসামি করা হয়েছে। 

নিহত আশরাফুল হকের পরিবারের সদস্যরা শুক্রবার সকালে মরদেহ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আসেন । তারা জানান, কারও সঙ্গে শত্রুতা ছিল না আশরাফুলের। তিনদিন আগে বন্ধু জরেজের সাথে ঢাকা আসেন তিনি। ঢাকা আসার পর থেকেই আশরাফুলের সাথে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সবশেষ তিনদিন আগে মোবাইল ফোনে কল করলে ওপাশ থেকে রিসিভ করে জানানো হয়, মোবাইলটি তিনি কুড়িয়ে পেয়েছেন। পরিবারের দাবি, সুষ্ঠু তদন্ত করে প্রকৃত আসামিকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, আঙুলের ছাপের মাধ্যমে খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। নিহতের নাম আশরাফুল হক (৪২), বাবার নাম মো. আব্দুর রশীদ ও মায়ের নাম এছরা বেগম। তার বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়া গ্রামে।

শুক্রবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >