নারায়ণগঞ্জ । রবিবার
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

লাশ পুঁতে রেখে লাগালেন গাছ,শেষ পর্যন্ত গ্রেফতার

রংপুর জেলার কাউনিয়া উপজেলার বিশ্বনাথ এলাকার চাঞ্চল্যকর মোবারক আলী হত্যা মামলার মূলহোতা মইনুল ইসলাম ওরফে মমিনুলকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫ ও র‍্যাব-১৩-এর যৌথ দল।

মো. মইনুল ইসলাম ওরফে মমিনুল কাউনিয়া বিশ্বনাথ এলাকার কোমল বৈরাগী ওরফে ফকিরের ছেলে। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক আ. ম. ফারুক।

তিনি জানান, ২৫ অক্টোবর রাতে মোবারক আলী কাউনিয়া থানার শাহিন বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফেরার পথে মইনুল ইসলামের আবাদি জমির পাশ দিয়ে যাচ্ছিলেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা মইনুল ধারালো দা দিয়ে মোবারক আলীকে কুপিয়ে হত্যা করেন। পরে হত্যার বিষয়টি গোপন রাখতে মইনুল নিজ বাড়ির রান্নাঘরের পেছনে গর্ত খুঁড়ে লাশ মাটিচাপা দেন এবং তার ওপর নতুন গাছ লাগিয়ে দেন।

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক আ. ম. ফারুক আরও জানান, মোবারক আলী বাড়ি না ফেরায় পরিবার অনেক খোঁজাখুঁজির পর কাউনিয়া থানায় নিখোঁজ সংক্রান্ত একটি জিডি করেন। পরবর্তীতে মইনুলের বাড়ির পেছনে নতুন আলগা মাটি থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের উপস্থিতিতে পুলিশ মাটি খুঁড়ে মোবারক আলীর লাশ উদ্ধার করে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং হত্যার পর ঘাতক মইনুল আত্মগোপনে চলে যান। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কাউনিয়া থানায় হত্যা মামলা করেন।

র‍্যাব-১৩-এর তদন্ত দল জানতে পারে, হত্যাকাণ্ডের মূলহোতা মইনুল ইসলাম তার নিজ জেলা ছেড়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আত্মগোপনে আছে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে সোমবার দুপুরে র‍্যাব রোহিঙ্গা ক্যাম্প-৪, মধুরছড়া, ব্লক-ই/২ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >