নারায়ণগঞ্জ । শনিবার
৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

আদালত পাড়ায় ৩১ লাখ টাকার বেশি জব্দকৃত বিভিন্ন মাদক ধ্বংস

নারায়ণগঞ্জ জেলা আদালত পাড়ায় ৬টি থানার প্রায় সোয়া ৩১ লাখ টাকার জব্দকৃত বিভিন্ন মাদক মামলার আলামত ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত আলামতের মধ্যে ছিল গাঁজা, ইয়াবা ট্যাবলেট, হেরোইন, ফেনসিডিল ও চোলাই মদ।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে আদালত প্রাঙ্গণে এসব মাদক দ্রব্য ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন, মোসাঃ শামীমা খাতুন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ. এম. ইয়াসির আরাফাত এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেন।

এ বিষয়ে আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই নির্মল কুমার দাস বলেন, “নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ আদালতের তিনজন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন)-এর উপস্থিতিতে সদর, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও ও রূপগঞ্জ — এই ৬টি থানার মোট ৩৮ মামলার আলামত ধ্বংস করা হয়েছে।”

ধ্বংসকৃত মাদকের পরিমাণ ও আনুমানিক মূল্য নিম্নরূপ—

  • ১,৫৭৮ পিস ইয়াবা ট্যাবলেট, মূল্য ৪ লাখ ৭৩ হাজার ৪০০ টাকা
  • ১৩৬ পুড়িয়া হেরোইন, মূল্য ৪০ হাজার টাকা
  • ২৯ বোতল ফেনসিডিল, মূল্য ৮৭ হাজার টাকা
  • ১২৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা, মূল্য ২৫ লাখ ২৬ হাজার টাকা
  • ২০ লিটার চোলাই মদ, মূল্য ৬ হাজার টাকা

মোট ৩১ লাখ ৩৩ হাজার ২০০ টাকার মাদক তিনজন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ সুপারের উপস্থিতিতে মাদক ধ্বংসকরণ চুল্লিতে পোড়ানো হয়।

এ সময় মাদক ধ্বংস কমিটিকে সার্বিক সহযোগিতা করেন নারায়ণগঞ্জ সদর কোর্টের কোর্ট ইন্সপেক্টর মো. কাইউম খান, মালখানা অফিসার এসআই নির্মল কুমার দাস ও কনস্টেবল মো. কালাম।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >