নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেশীয় তৈরি ছয় বোতল কেরু মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের উঠমা এলাকার একটি খেলার মাঠ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সোনারগাঁ থানার সাদিপুর এলাকার মাসুমের ছেলে সুমন মিয়া (১৯) এবং মোড়গাপুর এলাকার বিল্লাল হোসেনের ছেলে সিয়াম হোসেন (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী অভিযান জোরদারের লক্ষ্যে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানা-পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (এসআই) মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল জামপুর ইউনিয়নের উঠমা এলাকার খেলার মাঠে অভিযান চালায়।
অভিযানকালে ছয় বোতল দেশীয় তৈরি কেরু মদসহ সুমন মিয়া ও সিয়াম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা প্রতিরোধে জেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



