নারায়ণগঞ্জ ।
,

ফতুল্লায় ব্যবসায়ীকে ৬ ঘণ্টা আটকে নির্যাতন, মুক্তিপণ দাবি সাড়ে ৩ কোটি টাকা

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পোশাক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি কারখানার অফিসে ছয় ঘণ্টা আটকে রেখে নির্যাতন এবং তাঁর দুবাইপ্রবাসী ভগ্নিপতির কাছে সাড়ে ৩ কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মো. সাগর হোসেন (৩২) ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকার বাসিন্দা। তাঁর অভিযোগ, গত ১১ অক্টোবর বিকেল পৌনে ৪টার দিকে এক বন্ধুর সঙ্গে ইসদাইরের অক্টো অফিস এলাকার নিঝুম সোসাইটির গলি দিয়ে যাওয়ার সময় ধারালো অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করা হয়। পরে একটি প্রাইভেট কারে তুলে বিসিকের শাসনগাঁও এলাকার ‘এম্পায়ার কটন’ নামে একটি অফিসে নিয়ে আটকে রাখা হয়।

সাগরের লিখিত অভিযোগ অনুযায়ী, সেখানে তাঁকে লোহার বস্তু দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তাঁর মুঠোফোন ছিনিয়ে নিয়ে দুবাইপ্রবাসী ভগ্নিপতি হিরু সিকদারকে হোয়াটসঅ্যাপে কল করে মুক্তির বিনিময়ে সাড়ে ৩ কোটি টাকা দাবি করা হয়।

সাগরের ভাষ্য, তাঁকে উদ্ধারে তাঁর বন্ধু থানা-পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে যোগাযোগসহ আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন। এ খবর পেয়ে অভিযুক্তরা রাত পৌনে ১০টার দিকে তাঁকে ছেড়ে দেয়। তবে টাকা না দিলে এবং ঘটনাটি পুলিশ-প্রশাসনকে জানালে তাঁকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

পরে সাগর নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নেন এবং ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযোগে বিসিকের শাসনগাঁও এলাকার রাইসান রোমান (৩২), মো. আতিক ও মাসদাইর এলাকার আব্দুস সালামের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও পাঁচ থেকে ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগের বিষয়ে রাইসান রোমান বলেন, তাঁর অফিসে গিয়ে সামনাসামনি কথা বলতে। অন্যদিকে, ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, তাঁরা লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি ওসি দেখছেন এবং পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে নির্দেশনা দেবেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >